সাভারে রাতের আঁধারে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।
২৭ সেপ্টেম্বর দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পেশাজীবী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। একপর্যায়ে মানববন্ধনটি সাংবাদিকদের পক্ষ থেকে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে গণদাবিতে রূপ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান খানকে মামলায় আসামি করা হয়েছে। তাদের দাবি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং দীর্ঘদিন ধরে রাজধানীতে বসবাস করছেন। তাই মামলায় তার সম্পৃক্ততার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অবিলম্বে তার নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন বলেন, একটি গাড়ি পোড়ানোর মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামান খানকে ফাঁসানো হয়েছে বলে তারা মনে করছেন। তিনি ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সাভার প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ডেইলি স্টারের সাংবাদিক আকলাকুর রহমান আকাশ বলেন, সাংবাদিক সমাজের ওপর চাপ সৃষ্টি ও কণ্ঠরোধের উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদের মামলায় জড়ানোর অপসংস্কৃতি বন্ধ করতে হবে। একজন পেশাদার ও প্রতিষ্ঠিত সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ যাচাই-বাছাই ছাড়া মামলা গ্রহণের ঘটনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
সাভার প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানিমূলক মামলা করা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।
সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসকারী একজন সাংবাদিকের বিরুদ্ধে কীভাবে এমন মামলায় সম্পৃক্ততার অভিযোগ আনা হলো, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। তিনি এ বিষয়ে সাভারের সব সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান এবং দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে সাভার প্রেসক্লাব, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন, আকলাকুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য্য, সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান, উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভির রাজিব মাহমুদ, দৈনিক জনবাণীর রবিন, দৈনিক আজকের বসুন্ধরার আব্দুর সালাম রুবেল, দৈনিক বাংলা বাজারের রফিকুল ইসলাম জিল্লু, দৈনিক গণকণ্ঠের শাহিন, সাভার সংবাদের তুষার, সুমন পারভেজ, স্বপ্ননীল, শরীফ, আব্দুল খালেক, টিপু, মাসুদ রানা, গোপাল মালাকার, খায়রুল অভিসহ আরও অনেকে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ