সাতক্ষীরার শ্যামনগরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নতুন যোগদানের পরপরই মাঠে নেমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। তাঁর প্রথম দিকের এ অভিযানে অবৈধভাবে মজুদ করা বালু উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করে জরিমানা করা হয়েছে।
আজ খোলপেটুয়া নদীর পাড়ে নওয়াবেকি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামনগর থানার পুলিশের একটি দল, এএসআই বদরুজ্জামান ও টহল কমান্ডার সহযোগিতা করেন।
অভিযানকালে নদীর পাড়ে অবৈধভাবে মজুদ করা বেশ কয়েকটি বালুর গাদা পাওয়া যায়। এ ঘটনায় অয়েজকুরুনি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি পাইপ কেটে দেওয়া হয়।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ বলেন, “সরাসরি বালু উত্তোলনের দৃশ্য পাওয়া না গেলেও ঘটনাস্থলে বেশ কয়েকটি অবৈধ বালুর গাদা পাওয়া গেছে। নদী থেকে বালু উত্তোলনের অবৈধ পাইপগুলো কেটে দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান কোনোভাবেই থামবে না। এ অভিযান চলমান থাকবে।”
স্থানীয়দের অভিযোগ, নদী-খাল ও উপকূলঘেরা শ্যামনগরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগ রয়েছে। এতে নদীর তীর ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
নতুন এসিল্যান্ডের দায়িত্ব নেওয়ার পরপরই এ ধরনের অভিযান পরিচালনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও মজুদের প্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “নতুন এসিল্যান্ড আসার পরপরই নদীর বালুর দিকে নজর দিয়েছেন, এটা ভালো উদ্যোগ। অভিযান নিয়মিত চললে অবৈধ বালু উত্তোলন অনেকটাই বন্ধ করা সম্ভব হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বিধিবিধান অমান্য করে নদী থেকে বালু উত্তোলন কিংবা অবৈধভাবে বালু মজুদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ