ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা এবং পিকআপটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে বটগাছের নিচে ঢাকা-চন্দ্রা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসছে একটি মাদকবাহী গাড়ি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশের দলটি কবিরপুর রেডিও কলোনী এলাকায় অবস্থান নেয়। সেখানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপটিতে তল্লাশি চালানো হলে ৫২ কেজি গাঁজাসহ জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল মিয়া (৪৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুর রহিম এবং মাতার নাম মৃত জোহুরা বেগম।
পুলিশ জানায়, অভিযানে ৫২ কেজি গাঁজা ছাড়াও পুরোনো নীল রঙের একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন ফোটন (FOTON) পিকআপ জব্দ করা হয়েছে। গাড়িটির চেসিস নম্বর LVAV2JAB2SC600775। পিকআপটির ইঞ্জিন নম্বর অস্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি এবং চুরির একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ