গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও তদন্ত প্রতিবেদনে অসংগতির অভিযোগ তুলেছেন সার ডিলার নিয়োগের আবেদনকারীরা। নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স আঙ্গুর ট্রেডার্সের গোডাউন, ব্যবসায়িক অভিজ্ঞতা, আয়কর রিটার্ন ও ট্রেড লাইসেন্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, সার ডিলার নিয়োগের বিষয়ে সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জেলা একাডেমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। তবে ওই তদন্ত প্রতিবেদন ভুল, নিয়মবহির্ভূত ও স্বেচ্ছাচারিতাপূর্ণ বলে দাবি করেছেন আবেদনকারীরা।
অভিযোগকারীদের দাবি, প্রাথমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আঙ্গুর ট্রেডার্সের কোনো গোডাউন ছিল না। আবেদনে গোডাউন হিসেবে যে স্থানের উল্লেখ করা হয়েছে, সেটি একটি আবাসিক বাড়ির দুটি কক্ষ। নিয়োগ পাওয়ার পর ওই স্থানে গোডাউন নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মোসাইয়ুব পিয়াস বর্তমানে ঢাকার একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, তাঁর পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা নেই এবং আবেদনে উল্লেখিত ঠিকানায় কার্যকর কোনো ব্যবসাপ্রতিষ্ঠানও নেই। এ অবস্থায় তাঁর আয়কর রিটার্ন ও ট্রেড লাইসেন্সের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অভিযোগকারীরা আরও জানান, এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁরা সার ডিলার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন লিপি রানী, সোবহান মন্ডল, শরিফুল ইসলাম, সাজ্জাদুর রহমান, বিকাশ সাহা, শীতল মিয়া, মোনারুল ও সাজ্জাদুল হক সরকারসহ অন্যরা
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ