ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। প্রথম দিন ৯৯ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটার দ্বিতীয় দিনের প্রথম ওভারেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তবে শতক পূরণের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। পরের ওভারেই জাসুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাদমান।
দীর্ঘদিন পর সেঞ্চুরির দেখা পেলেন সাদমান। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শতক করেছিলেন তিনি। এর আগে ২০২১ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছিলেন এই ওপেনার। ১৭ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি।
সাদমানের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। প্রথম দিন অসুস্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় দিন ব্যাট হাতে খুব বেশি সময় টিকতে পারেননি এই ব্যাটার। জাসুয়া বিশপের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হৃদয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে আলোকস্বল্পতার কারণে একাধিকবার খেলা বিঘ্নিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করতে হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৩ রান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ