গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ইন্টারস্টপ পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে কর্মবিরতি পালন করেন। পরে ডিভাইন টেক্সটাইলসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেন।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন জ্বালানো হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের দাবি, এ সময় শ্রমিকদের একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
শ্রমিকরা জানান, কয়েক দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা। তবে দাবি পূরণে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মবিরতি ও বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত শিল্পাঞ্চলের অন্তত ১০ থেকে ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুপুরের পর কয়েকটি কারখানার শ্রমিক আন্দোলনে যোগ দেন। তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাঁদের শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, সংঘর্ষের পর শ্রমিকরা আবারও মহাসড়কে অবস্থান নেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ