লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর ভূমিকা রানি দাস (নাম) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকায় শশী ভক্তের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ভূমিকা রানি একই উপজেলার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলে ভূমিকা তথ্য ও প্রযুক্তি বিষয়ে অকৃতকার্য হন। ফলাফল জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। পরিবারের সদস্যরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরে বিকেলে পরিবারের লোকজন ঘরের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবে এলাহি সানি বলেন, ‘ঘটনাটি শুনেছি। সে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এক মাস পর আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ঘটনাটি শুনেছেন। বিস্তারিত তথ্য জানতে খোঁজ নেওয়া হবে।
সম্পাদনা নোট: পরীক্ষায় অকৃতকার্য হওয়া ও মৃত্যুর মধ্যে সরাসরি কারণগত সম্পর্ক নিশ্চিত না হওয়ায় শিরোনাম ও প্রতিবেদনে সতর্ক ভাষা ব্যবহার করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ