কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তাদের মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে লালমনিরহাট থেকে ক্রীড়াচর্চা অনেকটা হারিয়ে গিয়েছিল। বর্তমান সরকারের সহযোগিতায় জেলায় আবারও ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সরকারের সদিচ্ছা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হচ্ছে।
কিশোরদের প্রতিভা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম বাধা মাদক ও জুয়া। এসব আসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে তাদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। ‘আলোকিত লালমনিরহাট’ গড়ে তুলতে সরকারি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। কিশোর বয়স ফুটবল চর্চার উপযুক্ত সময়। এ বয়সের খেলোয়াড়দের যথাযথ পরিচর্যা করা গেলে দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী হবে। এ ধরনের টুর্নামেন্ট দেশের অন্যান্য জেলাতেও আয়োজনের আহ্বান জানান তিনি।
লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ