‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
স্ট্যাটাসে রাশেদ খাঁন দাবি করেন, তিনি কোনো পত্রিকাকে নয়, বরং তাঁর বিরুদ্ধে প্রকাশিত একটি মিথ্যা বয়ানকে ছিঁড়েছেন। তাঁর দাবি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর ঐক্য হয়েছে—এমন বক্তব্য প্রকাশ করে ‘আমার দেশ’ তাঁর বিরুদ্ধে অসত্য তথ্য উপস্থাপন করেছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি কারাভোগ করেছেন। তাঁর কোনো বক্তব্য অপছন্দ হলে রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচনা করতে পারে। তবে তাঁকে ‘নব্য বিএনপি’ বলা কিংবা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তোলার অধিকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নেই বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকসংক্রান্ত তথ্য সামনে আনার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পাল্টা বয়ান তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে ‘আমার দেশ’ পত্রিকাকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অভিযোগটি জামায়াত বা দলটির কোনো নেতা সরাসরি করলে তিনি রাজনৈতিকভাবে জবাব দিতেন। কিন্তু পত্রিকার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে বলে তিনি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে এর প্রতিবাদ জানিয়েছেন।
পত্রিকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, কোনো পত্রিকা ছেঁড়া তাঁর উদ্দেশ্য ছিল না। তাঁর দাবি, ঘটনাটিকে ব্যবহার করে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।
একই সঙ্গে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ