তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’-এর আওতায় দেশের আরও ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
প্রথম পর্যায়ে আবেদন গ্রহণ করা জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলায় আবেদন গ্রহণ কার্যক্রম শেষে এবার অবশিষ্ট ৫৬ জেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এ কর্মসূচির নীতিমালা জারি করে। এর মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা ও অর্থায়ন দেওয়া।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
আগ্রহী তরুণেরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।
আবেদনের সময়সীমা: বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫৬ জেলার তরুণেরা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হবে নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়।
যোগ্যতা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ