প্রতিনিধি: মোঃ মনজুর ইলাহী
ঢাকা: রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা, মালিবাগ মোড় ও মিরপুরের সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মালিবাগে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, রাত সোয়া ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ককটেল নিক্ষেপের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সূত্র জানায়, সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন কাজী টাওয়ারের কাছে ধোলাইপাড় থেকে আসা মূল সড়কের মাঝ বরাবর ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মালিবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি শান্তিনগর ফ্লাইওভারের ঢালের পাশে বিস্ফোরিত হয়।
এদিকে, রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কলেজের ফটকের পাশে দু-একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
তবে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, কলেজ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলেও অগ্নিকাণ্ডের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আনুমানিক ঘণ্টাখানেক আগে মিরপুর-১ নম্বরে ককটেল নিক্ষেপের সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণসহ রাজধানীর অন্য ঘটনাগুলোতেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ