২১ নভেম্বর, ২০২৬ -স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী,ডাকসুর সাবেক ভিপি,মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার এই অসুস্থতার খবর জন্মস্থান লক্ষ্মীপুরের রামগতিসহ রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ নেমে এসেছে।
জন্ম ও ছাত্ররাজনীতির সূচনা-
আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব (আ স ম আবদুর রব) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শীর্ষ ছাত্রনেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি। তিনি ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলী আজম এবং মাতা মাজেদা খাতুন।
মাত্র অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৫৮ সালে তিনি ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হন। পরবর্তীতে ছয় দফা, ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৬৯–৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০–৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধ ও প্রথম জাতীয় পতাকা উত্তোলন
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত ঐতিহাসিক ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। ২৩ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতাত্তোর রাজনীতি ও কারাবরণ-
স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে যৌথভাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি দলটির একাংশ জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক সংগ্রামের পথে নানা চড়াই-উতরাই ও কারাবরণ করতে হয়েছে তাঁকে:
১৯৭৪ সালের ১৭ মার্চ: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে তিনি গুলিবিদ্ধ হন এবং গ্রেপ্তার হন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর: সিপাহী-জনতার বিপ্লবের পর তিনি কারামুক্ত হন।
পরবর্তী সময় ও চিকিৎসা: জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আদালতে তাঁর ১০ বছরের কারাদণ্ড হয়। ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।
সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব-
সংসদীয় রাজনীতিতেও তাঁর সরব উপস্থিতি ছিল। তিনি ১৯৮৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে, ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে এবং ১৯৯৬ সালে পুনরায় লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয় এবং পরবর্তী সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ,ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বর্ষীয়ান নেতার অসুস্থতার খবরে তার জন্মভূমি রামগতির মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করেছে। তারা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ