আগামী গ্রীষ্মে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ব্রিটানিক এক্সপ্লোরার নামে দেশের প্রথম বিলাসবহুল স্লিপার ট্রেন। পর্যটকদের ইংল্যান্ড ও ওয়েলসের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাবে ট্রেনটি। আগামী বছরের জুলাই থেকে তিনটি রুটে চলবে। যার মধ্যে রয়েছে কর্নওয়াল, লেক ডিস্ট্রিক্ট ও ওয়েলসের মনোমুগ্ধকর পাহাড়।
ব্রিটানিক এক্সপ্লোরারের ১৮টি বিলাসবহুল কেবিনে রয়েছে তিনটি গ্র্যান্ড স্যুট এবং ১৫টি সাধারণ স্যুট। প্রতিটি কেবিনের নকশা অত্যন্ত আভিজাত্যপূর্ণ। যেখানে ব্যবহার করা হয়েছে মার্বেল টেবিল, মখমল সোফা ও কার্পেট। সব কিছুই যেন এক শিল্পকর্ম। ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জা ডিজাইন করেছে লন্ডনভিত্তিক আলবিয়ন নর্ড স্টুডিও।
অপূর্ব বিলাসিতার সমন্বয়ে তৈরি এই ট্রেনে তিন রাতের ভ্রমণের জন্য একটি ডাবল কেবিনের দাম শুরু হবে প্রায় ১৭ লাখ টাকা থেকে। ব্রিটানিক এক্সপ্লোরার বেলমন্ডের গ্লোবাল হেড অফ ব্র্যান্ড কমিউনিকেশনসের অটাভিয়া প্যালোম্বা বলেন, এই ট্রেনের পরিবেশ এমন এক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করবে, যা যাত্রীদের একটি চলন্ত চিত্রকর্মের অভিজ্ঞতা দেবে। এই বিলাসবহুল পরিবেশে যাত্রীরা নিজের কেবিনে সোফা, বিছানা বা সুইভেল আর্মচেয়ারে শুয়ে বা বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন।
এ ছাড়াও ট্রেনটিতে রয়েছে একটি বিলাসবহুল ব্যায়ামাগার। যেখানে নেওয়া যাবে বিভিন্ন ধরনের ব্যায়ামের অভিজ্ঞতা। ব্রিটানিক এক্সপ্লোরারের ডিজাইন করা হয়েছে ১৯৭০ এর দশকের ইন্টারসিটি রেল মার্ক-৩ কেবিনগুলোর অনুকরণে। এই ট্রেনটি ব্রিটেনের রেলযাত্রার ঐতিহ্য ও উদ্ভাবনকে তুলে ধরেছে। ২০০ বছরেরও আগে দক্ষিণ ওয়েলসে রিচার্ড ট্রেভিথিক প্রথম স্টিম লোকোমোটিভ তৈরি করেছিলেন। ব্রিটেন তখন থেকেই রেল পরিবহনে পণ্য ও প্রযুক্তির অগ্রগামী দেশ হিসেবে পরিচিত।
এই রেলযাত্রায় শুধু ট্রেনের অভ্যন্তরীণ পরিবেশই নয়, বরং বাইরের শহর, গ্রাম ও প্রাকৃতিক দৃশ্যগুলোও এক অনন্য অভিজ্ঞতা দেবে। এটি বিদেশী পর্যটকদের জন্য যুক্তরাজ্যের নতুন আকর্ষণ হতে যাচ্ছে। সূত্র: সিএনএন
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ