ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাকৃত বিলে রিং জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে তিন জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউপির শাপলা বিলে এ অভিযান পরিচালনা করে সাজা দেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন। এসময় সরাইল উপজেলার শাহবাজপুর ইউপির ক্ষমতাপুর গ্রামের টুনু মিয়ার ছেলে হাবিব মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই উপজেলার আখিতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলে রায়হান মিয়া ও তার ভাই ফতো মিয়াকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউপির শাপলা বিলে অবৈধ রিং জাল ও ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলো কিছু ব্যক্তি। এতে করে মাছের স্বাভাবিক বংশ বিস্তারে বাঁধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বিলের ইজারাদারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে শাপলা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের দখলে থাক দুই হাজার মিটার রিং জাল ও দুটি নৌকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, অভিযনে হাবিব মিয়াকে দেশীয় অস্ত্র টেটা ও বল্লমসহ আটক করা হয়। সে অভিযানে বাঁধা তৈরি করার চেষ্টা করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকী দু'জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ ধারায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত রিং জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয় ও দুইটি নৌকা সরাইল থানার জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সরাইল থানা পুলিশ উপস্থিত ছিলো।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ