চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় মো. জসিম নামে এক কৃষকদল নেতা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। ময়লার ভাগাড় থেকে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার তুলে বিক্রির আধিপত্য সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড—এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি কর্পোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। তার বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী।স্থানীয় সূত্র জানিয়েছে, ময়লার ভাগাড়ে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ ও উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম। পরে তিনি সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সাথে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। জানা গেছে, নিহত মো. জসিম চট্টগ্রাম বন্দর থানা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সময়ের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাহত করে প্রতিপক্ষের লোকজন। এতে তার শ্বাসনালী কেটে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়াধীন আছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ