চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত এবং রবিবার দুপুরে শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আটককৃতরা কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা (দুই নম্বর ওয়ার্ড) আহসানিয়াপাড়া এলাকায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার দুপুর দেড়টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ জাহিদ হাসান (২৯), মোঃ হেলাল (৩০), মোঃ রবিউল ইসলাম (২৪), মোঃ জামসেদ (২৮), মোঃ নুর হোসেন (৩২), মোঃ ফারুক (৩০), হুজ্জাদ ইসলাম (২৬), ইরফানুল ইসলাম (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (২৬), খোরশেদ আলম (২৭), মোঃ নজরুল ইসলাম (৩০), আব্দুর রহমান (২৬), দিদারুল আলম (৩৪), মোঃ আব্দুর রহমান (২৮), এবং মোঃ জাহাঙ্গীর (৪০)।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, "জুয়া খেলার অভিযোগে পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।"
স্থানীয় সূত্রে জানা যায়, শিকলবাহা এলাকার এই জুয়ার আসর দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের পদক্ষেপ সমাজে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ