২০২৬ সালের ফিতরা নির্ধারণ
- আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৪৪ বার পড়া হয়েছে
১৪৪৭ হিজরি সালের সাদাকাতুল ফিতরের হার সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বৈঠকে কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরিয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস বা পনির- যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।
- গম/আটা: ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) — বাজারমূল্য ১১০ টাকা
- যব: ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) — বাজারমূল্য ৫৯৫ টাকা
- কিসমিস: ৩ কেজি ৩০০ গ্রাম — বাজারমূল্য ২,৬৪০ টাকা
- খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম — বাজারমূল্য ২,৪৭৫ টাকা
- পনির: ৩ কেজি ৩০০ গ্রাম — বাজারমূল্য ২,৮০৫ টাকা
মুফতি আবদুল মালেক জানান, স্থানীয় বাজার অনুযায়ী খুচরা মূল্যেও ফিতরা দেওয়া বৈধ হবে।
কোনো ব্যক্তি যদি নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) সম্পদের মালিক হন, তবে ঈদের দিন সকালে নিজের ও নির্ভরশীলদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা আবশ্যক।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর এই বছর ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে।



























