মুগদায় সহকারী উপপরিদর্শকের রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকার একটি বাসা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কামরুল হাসান (৩০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নূর মিয়া।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার।
তিনি জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কামরুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, কামরুল হাসান আগে ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটিতে এপিবিএনে যোগ দেন। তবে তার স্ত্রী ও সন্তানরা মুগদা এলাকার মান্ডার বাসায় বসবাস করতেন। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, কামরুল হাসানের স্ত্রী ও দুই মেয়ে কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। এদিকে আইজিপি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে তিনি ঢাকায় আসেন এবং বর্তমানে ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ঘটনাটি ঘটে।



























