খিলক্ষেতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
রাজধানীর খিলক্ষেতের ৩শ ফিট রাস্তায় বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটি মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিচিত নজরুল ইসলাম জানিয়েছেন, চন্দন দাস খিলক্ষেত কুর্মিটোলা স্কুলের পেছনে একটি বাড়িতে থাকতেন এবং রেলগেটে মাছ বিক্রি করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগরে। বুধবার সকালে চন্দন কুড়াতলি এলাকায় একজনের সঙ্গে দেখা করে হেঁটে বাড়ি ফেরার সময় সড়কে পথ পার হচ্ছিলেন, তখন বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম জানান, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি ডিআইটিএফ ২০২৬-এ স্টাফদের পৌঁছে দিয়ে ফেরার পথে ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। খিলক্ষেত থানা এখন আইনি কার্যক্রম পরিচালনা করছে।



























