রাজধানীতে ১০ হাজার ইয়াবাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেটকার
- আপডেট সময় : ০৩:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১১৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (২৮)। ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি গাড়ি বিক্রয় কেন্দ্রের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হলে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা একটি সুসংগঠিত মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। মো. বিল্লাল হোসেনের নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ৩টি এবং আল আমিনের নামে ২টি মামলা রেকর্ডে আছে। এ ঘটনায় পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।



























