ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে ভ্যান ভাড়া নিয়ে বিরোধের জেরে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত ভ্যানচালকের নাম মো. রনি খন্দকার (৪৭)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ খন্দকারের ছেলে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে রায়হান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ধানমন্ডি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে রায়হান খন্দকার জানান, মঙ্গলবার রাতে ধানমন্ডি ৩ নম্বর সড়ক এলাকায় ভ্যান ভাড়া নিয়ে এক পিঠা বিক্রেতার সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পিঠা বিক্রেতা রুবেল মারধর ও ছুরিকাঘাত করলে তার বাবা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন একজনকে আটক করতে পারলেও প্রধান অভিযুক্ত রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত রনি খন্দকার হাজারীবাগের বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন।



























