মোহাম্মদপুরে চুরি ও ছিনতাই প্রতিরোধে ববি হাজ্জাজের উদ্যোগ
- আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চুরি-ছিনতাই রোধে সিসিটিভি স্থাপন, পুলিশ ক্যাম্প ও টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ বলেন, অপপ্রচার নিয়ে তিনি চিন্তিত নন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে তাকে নানা চড়াই–উতরাই পার হতে হয়েছে এবং প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আহত কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সেনা ক্যাম্প প্রত্যাহারের পর তার নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা জোরদারে পুলিশকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৫৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলায় একটি পুলিশ ক্যাম্প স্থাপন, ২০টি পুলিশ বক্স নির্মাণ এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।



























