সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তা আহত
- আপডেট সময় : ০২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর ছিদ্দিকুর রহমান (৪০) আহত হয়েছেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে এই ঘটনা ঘটে। মাদকদ্রব্য অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। তাদের কয়েকটি ইউনিট সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে পরে সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
তিনি জানান, অভিযান চলাকালে ছিদ্দিকুর কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে তাদের একজনকে ধাওয়া করেন। তখন ওই ব্যক্তি পকেটে থাকা পিস্তল বের করে ছিদ্দিকুরের দিকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলি তার বাম পায়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। সহকর্মীরা ছিদ্দিকুরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
মাদকদ্রব্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছে, হামলাকারীর নাম মাসুম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ ইন্সপেক্টরের অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।



























