খিলগাঁওয়ে দেয়াল ভেঙে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, নগদ অর্থসহ ২২০ ভরি স্বর্ণালংকার ও রুপা লুট
- আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে এক জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের দাবি, চোরেরা স্বর্ণ, রুপা এবং নগদ অর্থ নিয়ে গেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকানের মালিক জানতে পারেন, পাশের হোমিওপ্যাথি দোকানের দেয়াল ভেঙে জুয়েলার্সে প্রবেশ করা হয়েছে। চোরেরা দোকানের স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে।
উত্তর গোড়ানের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত আশেকে রাসুল জুয়েলার্সের মালিক আমিরুল ইসলাম মনা ও তার ছোট ভাই জানিয়েছেন, চুরির পরিমাণ প্রায় ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া, দোকানের সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।
এলাকাবাসী দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে উদ্বিগ্ন হয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, সিআইডির ক্রাইম সিন ইউনিট সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। খিলগাঁও থানার এডিসি ফয়েজ ইকবাল জানান, মামলার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তদন্ত শেষে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।



























