শিরোনাম ::
স্বাধীনতার বিরোধিতাকারীরা হিটলারের মতোই ঘৃণিত: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত হয়ে থাকবে বলে মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, স্বাধীনতা বিরোধীদেরও জাতি ঠিক সেভাবেই ঘৃণা করে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১০:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘মায়ের ভাষার জন্য পৃথিবীতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে গর্বিত বিজয়ী জাতি।’
স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়েছে উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান ত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা আরও উঁচুতে তুলে ধরতে চাই।’
বেকারত্ব দূরীকরণের বিষয়ে জোর দিয়ে তিনি আরও বলেন, ‘লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করাই আমাদের প্রত্যাশা। এটি আমাদের পবিত্র দায়িত্ব।’
ট্যাগস :



























