ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক
- আপডেট সময় : ০৬:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জলাবদ্ধতার ঝুঁকিপূর্ণ ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচার বক্স কালভার্ট এলাকায় এক কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
ঢাকা শহরের জলাবদ্ধতা কমাতে বক্স কালভার্টগুলো পরিষ্কার করার লক্ষ্যে এক মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ডিএসসিসি। এর অংশ হিসেবে সেগুনবাগিচার বক্স কালভার্ট পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
আব্দুস সালাম জানান, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য নতুন করে ৬টি পোর্টেবল পাম্প সংগ্রহ করা হয়েছে, যেখানে আগে ছিল মাত্র ২টি। এছাড়া পান্থপথ, পরিবাগ, টিটিপাড়াসহ দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ৩৩টি জলাবদ্ধতা প্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন সরকারের তত্ত্বাবধানে নগরবাসীর দুর্ভোগ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলো উদ্ধারের পরিকল্পনাও রয়েছে।



























