মিরপুর-১০-এ প্রথমবার বড় পরিসরে কীর্তন সন্ধ্যা, প্রতি বছর আয়োজনের দাবি
- আপডেট সময় : ১১:০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ২০৫০ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১০ নম্বর, বিবিসিএস প্রাঙ্গনে প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের কীর্তন সন্ধ্যা। বড়দিনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় ঢাকা এবিসিএস ইয়ুথ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য ‘ক্রিসমাস ক্যারল ইভনিং-২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন চার্চের অংশগ্রহণে খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য কীর্তন গান। অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। এতে বিভিন্ন চার্চের শত শত খ্রিষ্টিয়ান ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানস্থল বর্ণিল আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ ও রঙিন ফুল দিয়ে সাজানো হয়। বড়দিনের আনন্দ, খ্রিষ্টীয় বিশ্বাস, ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বিশেষ কীর্তন প্রতিযোগিতার।
এবারের প্রতিযোগিতায় মোট ১০টি চার্চ ও দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা ব্যাপ্টিস্ট চার্চ, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ, ব্যাপ্টিস্ট চার্চ মহাখালী, রাজাশন ব্যাপ্টিস্ট চার্চ, মগবাজার ব্যাপ্টিস্ট চার্চ, হোসান্না ব্যাপ্টিস্ট চার্চ, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ, রাঙামাটিয়া ব্যাপ্টিস্ট চার্চ, বিবিসিএস অ্যাকশন টিম এবং ঢাকা এবিসিএস। প্রতিটি দল নিজস্ব পরিবেশনা, সাজসজ্জা, সুর, তাল ও সমবেত অংশগ্রহণের মাধ্যমে মনোমুগ্ধকর কীর্তন পরিবেশন করে। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের প্রখ্যাত সুরকার ও গীতিকার মি. লিটন অধিকারী রিন্টু এবং মি. ফ্রান্সিস বালা। তাঁরা প্রতিটি দলের পরিবেশনা মনোযোগসহকারে মূল্যায়ন করেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা ব্যাপ্টিস্ট চার্চ। দ্বিতীয় স্থান অধিকার করে মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ এবং তৃতীয় স্থান অর্জন করে মহাখালী ব্যাপ্টিস্ট চার্চ। বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার অর্জনে দলগুলোর সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএসের সভাপতি মি. ক্রিস্টোফার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএসের সহসভাপতি মি. উইলিয়াম ঢালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা এবিসিএসের সভাপতি মি. টমাস সিংহ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক সংঘের পালক প্রধান মি. শুশান্ত বৈরাগী, ঢাকা আঞ্চলিক সংঘের সহসভাপতি মি. তিমোন বিশ্বাস, ঢাকা আঞ্চলিক সংঘের নির্বাহী সদস্য মি. সনি বৈদ্য, ঢাকা বহুমুখী খ্রিষ্টিয়ান সমবায় সমিতির সভাপতি মি. সুরেন মন্ডল, শাইনিং ডেভেলপমেন্ট সোসাইটির (SDS) নির্বাহী পরিচালক মি. নবীন ঢালী এবং এ আয়োজনের মূল উদ্যোক্তা ঢাকা আঞ্চলিক সংঘের যুব কনভেনর মি. কেনেড সজল বোসসহ বিভিন্ন চার্চের পালক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের বাক্য প্রচার করেন রেভা: ব্রাদার বেনেডিক্ট চাওনার। তিনি তার বক্তব্যের মাধ্যমে বিভেদ ভুলে একসাথে প্রভুর পথে থাকার উপরে জোর দেন এবং বড়দিনের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মি. ক্রিস্টোফার অধিকারী বলেন, “মিরপুর এলাকায় আমাদের বিশাল একটি খ্রিষ্টিয়ান জনগোষ্ঠীর বসবাস। কিন্তু এভাবে বৃহৎ পরিসরে সবাই একসঙ্গে মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ আগে তেমন হয়নি। প্রথমবারের এই আয়োজন সফল হওয়ায় আমরা আনন্দিত। আমরা চাই, প্রতি বছর যেন এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকে।”
ঢাকা আঞ্চলিক সংঘের পালক প্রধান মি. শুশান্ত বৈরাগী সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে খ্রিষ্টীয় ভালোবাসা, সম্প্রীতি ও সুসমাচারের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
ঢাকা বহুমুখী খ্রিষ্টিয়ান সমবায় সমিতির সভাপতি মি. সুরেন মন্ডল বলেন, এ অনুষ্ঠান পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে মি. কেনেড সজল বোস বলেন, সর্বস্তরের মানুষের সহযোগিতা, অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশের কারণে প্রথমবারের এ আয়োজন সফল হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রতিবছর এ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে ছিল শাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি (SDS)। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করেন। আয়োজকদের পক্ষ থেকে ঢাকা এবিসিএস ইয়ুথ কমিটি, মি. সনি বৈদ্য, মি. সাইমন সিংহ, মি. দীপ্র সরকার, মি. ডেভিড নয়ন বালা এবং মি. নবীন ঢালীসহ সংশ্লিষ্ট সব সহযোগী ও শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, ‘ক্রিসমাস ক্যারল ইভনিং’ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, নতুন প্রজন্মের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিকাশ এবং বড়দিনের প্রকৃত তাৎপর্য ছড়িয়ে দেওয়ার একটি নিয়মিত মিলনমেলায় পরিণত হবে।

























