শিক্ষার্থীদের মেধা ও মানবিক মূল্যবোধ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আপডেট সময় : ০২:০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ২১২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | সাভার
সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শুধু পড়ালেখা করলেই হবে না, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে নারী শিক্ষার প্রসার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি কর্মসূচি চালুর মাধ্যমে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছিল। তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার মেয়েদের উচ্চশিক্ষা আরও সহজলভ্য করতে স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অভিভাবকদের উদ্দেশে এমপি বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান করতে হবে। কোনো বিষয়ে আপত্তি থাকলে শিক্ষার্থীদের সামনে নয়, বরং শিক্ষক কক্ষে বসে আলোচনা করা উচিত। তিনি বলেন, “শিক্ষকরাই আমাদের সন্তানদের দ্বিতীয় অভিভাবক। তাদের হাত ধরেই শিক্ষার্থীরা নৈতিকতা ও আদর্শের শিক্ষা লাভ করে।”

তিনি আরও বলেন, খেলাধুলায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সরকার আর্থিক সহায়তা প্রদান করছে এবং এ সুযোগ আরও সম্প্রসারণে কাজ চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, আসন্ন এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক হলে তিনি পুনরায় বিদ্যালয়ে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান করবেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্দেশে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সমন্বয়ে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, কাউন্দিয়া ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল এবং সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মিলন।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী
আয়োজনের সমাপ্তি ঘটে।






















