সারাদেশ
ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ৪৫ পুরিয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২০৪২ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ৪৫ পুরিয়া হেরোইনসহ মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের ওজন ৪ দশমিক ৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ২টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কুমরাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০) ধামরাই উপজেলার কুমরাইল এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল হক তালুকদার এবং মাতা মাহমুদা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। তাঁকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।






















