শ্যামনগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৪:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলার বাবলাতলা মোড় নগর ক্লিনিকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ক্লিনিকের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শ্যামনগরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে। শ্যামনগরের মাটিতে কোনো অপশক্তির নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















