৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান
- আপডেট সময় : ০৯:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২১০৪ বার পড়া হয়েছে
৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব।
তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে পিতামাতার জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করে অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, আপনাদের অধীনে কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। কারণ আপনার বিএনপির সংসদের সদস্য আপনারা। সবার দায়িত্ব যা আছে তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সেদিকে খেয়াল রাখতে হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই কর্মশালায় আরও বক্তব্য রাখেন- বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এতে প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।




























