আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২১৩৬ বার পড়া হয়েছে
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার মৃত তোতা মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৫০) ও একই এলাকার শেখ লিটন (৪০)।
পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তাসংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ির সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ তিনি গত ২৬ মে সকালে ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে ২৬৮ পুড়িয়া গাঁজা, ১ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তবে গ্রেপ্তার হওয়ার মাত্র ২৮ দিনের মাথায় জামিনে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।






















