ঋণের বোঝা সইতে না পেরে হাজারীবাগে আরিফের আত্মহত্যা
- আপডেট সময় : ০২:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
রাজধানীর হাজারীবাগে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আরিফ (৩৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর ২য় লেনের মাজার বটতলা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান উল্লেখ করেন, নিহত আরিফ পেশায় রিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। সংসারের টিভি ও ফ্রিজ বিক্রি করেও তিনি ঋণ পরিশোধে ব্যর্থ হন। এ নিয়ে স্ত্রী রোকসানার সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সকালে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে আরিফ স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলে তিনি রাজি হননি। এরপর আরিফ একাই বাসায় ফিরে আসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তিনি স্বজনদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



























