তিন হাজার টাকার বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা পরানগঞ্জ বাজারে ইউএনওর অভিযানে জরিমানার পর ক্ষোভ ব্যবসায়ীদের
- আপডেট সময় : ১১:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২০৫১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মায়ের দোয়া মিষ্টির দোকান’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ।
ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের পূর্বসতর্কতা বা আলোচনার সুযোগ না দিয়েই মিষ্টির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।, গ্রামের একটি ছোট দোকানের দৈনিক বিক্রিই যেখানে অনেক সময় তিন হাজার টাকার নিচে থাকে, সেখানে একবারে ১০ হাজার টাকা জরিমানা ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বড় ধরনের আর্থিক চাপ।
স্থানীয় ব্যবসায়ী রতন বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীরা এমনিতেই নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। বিক্রি কম, খরচ বেশি। এ অবস্থায় আইন প্রয়োগের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তাঁদের মতে, দোকানে কোনো অনিয়ম থাকলে প্রথমে সতর্ক করা, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং সংশোধনের সুযোগ রাখা যেত। এরপরও আইন অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু সরাসরি ১০ হাজার টাকা জরিমানায় দোকানদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তাঁরা মনে করেন।
ব্যবসায়ীরা আরও বলেন, পরানগঞ্জ বাজারের রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও দখলদারিত্ব উচ্ছেদ করা অবশ্যই প্রয়োজন। তবে উচ্ছেদ অভিযান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা দুটি বিষয়েই মানবিকতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশিত।
জানা গেছে, পরানগঞ্জ বাজারে রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও দখলদারিত্ব উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এ সময় ‘মায়ের দোয়া মিষ্টির দোকান’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক রাজন চন্দ্র পালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও আর্থিক সক্ষমতার বিষয়টিও প্রশাসন বিবেচনায় নেবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হোক, তবে তা যেন সাধারণ ও স্বল্প পুঁজির ব্যবসায়ীদের জন্য অযথা হয়রানির কারণ না হয়।
ব্যবসায়ী জোসেফ সাইনের প্রশ্ন বাজার দখলমুক্ত করা জরুরি, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করার আগে তাঁকে সতর্ক করার সুযোগ দেওয়া কি যেত না..






















