‘ক্লিন ফেনী’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে সোশ্যাল এইডের পরিচ্ছন্নতা কার্যক্রম
- আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ২১৩৬ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা প্রশাসনের ‘ক্লিন ফেনী’ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক সংগঠন সোশ্যাল এইড।
সোশ্যাল এইডের উদ্যোগে ৯ নম্বর নবাবপুর ইউনিয়নের ফতেহপুর কমিউনিটি ক্লিনিকের আশপাশ এবং নবাবপুর বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, ফতেহপুর কমিউনিটি ক্লিনিকে একসময় ছালাহ উদ্দিন নামের একজন চিকিৎসক নিয়মিত বসে রোগীদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দিতেন। তিনি ডায়াবেটিস পরীক্ষা, ছোটখাটো ব্যান্ডেজসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং কিছু ওষুধ বিনামূল্যে প্রদান করতেন। তবে তিনি চলে যাওয়ার পর থেকে ক্লিনিকে নিয়মিত কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। বর্তমানে একজন নারী চিকিৎসক সপ্তাহে দুই দিন ক্লিনিকে আসেন বলে জানান এলাকাবাসী।
এতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের নিয়মিত প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ফতেহপুর কমিউনিটি ক্লিনিক থেকে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একজন নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নবাবপুর বাজারের ব্যবসায়ী, বাজার পরিচালনা কমিটির সদস্য, রিকশাচালক, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, পথচারী, স্থানীয় যুবসমাজ ও প্রবীণদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দীন, সাংবাদিক জহিরুল হক খান সজীব, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, বোরহান উদ্দিন, কেএম ফখরুদ্দীন ফারুক, মোহাম্মদ মাসুদ, সুজনসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবসমাজের সদস্যরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
সোশ্যাল এইডের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।





















