দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী
- আপডেট সময় : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২০৪৫ বার পড়া হয়েছে
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, গার্মেন্টস আন্দোলনের নামে যুবলীগ ও ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রোববার রাজধানীর কোর্ট হাউস স্ট্রিট এলাকার ঢাকা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু একটি পক্ষ সেই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।
বিরোধী দলের রাজনীতির সমালোচনা করে রিজভী বলেন, সংস্কারের নামে কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট নয়। জামায়াতের আমিরের বিপ্লবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা বিপ্লবের কথা বলছেন, তাদের রাজনৈতিক ইতিহাসে আত্মসমর্পণ ও স্বৈরশক্তির কাছে নতজানু হওয়ার নজির রয়েছে।
দাবি আদায়ের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সাত দফা না মানলে এক দফার হুমকি দিয়ে লাভ নেই। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। তাই এখন দলটি হাত গুটিয়ে বসে থাকবে না।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে বিএনপির কোনো আপত্তি নেই। তবে নোট অব ডিসেন্টের বিষয়গুলো লংমার্চের মাধ্যমে নয়, বরং সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।


















