পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠন হলো মজুরি বোর্ড
- আপডেট সময় : ০৮:২৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২০৫১ বার পড়া হয়েছে
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে গার্মেন্টস শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রম আইনের ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে এ বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়। এখন এ বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হবে।


















