গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রক্তাক্ত ইতিহাসের নায়ক জেহাদ: তারেক রহমান
- আপডেট সময় : ০২:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২১৫২ বার পড়া হয়েছে
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদকে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “শহীদ জেহাদ একটি অবিস্মরণীয় নাম।”
‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “নব্বইয়ের রক্তঝরা গণআন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সেই আন্দোলনে পুলিশের বুলেটে প্রাণ হারান অকুতোভয় ছাত্রনেতা জেহাদ। তার রক্তস্রোতের ধারায় গড়ে ওঠে গণঅভ্যুত্থান, যার মাধ্যমে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের।”
বিএনপির এই নেতা বলেন, “স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জেহাদ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই নিজের জীবন উৎসর্গ করেন। আমরা যদি তার সেই স্বপ্ন বাস্তবায়ন না করি, তাহলে তার আত্মা কষ্ট পাবে।”
তিনি আরো বলেন, “গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে। রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র।”
তারেক রহমান শহীদ জেহাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।




























