সারাদেশ
মুন্সিগঞ্জে পরিত্যক্ত ওয়াপদার জায়গা নিয়ে বিতর্ক, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ২০৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াপদার একটি পরিত্যক্ত খোলা জায়গা দীর্ঘদিন ধরে অঘোষিত টয়লেট হিসেবে ব্যবহৃত হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয়দের দাবি, জায়গাটির লিজের মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে সেখানে কোনো দৃশ্যমান ভোগদখল নেই। এ অবস্থায় মুন্সিগঞ্জ বাজার কমিটি, ইজিবাইক সমিতি ও মোটরসাইকেল চালক সমিতির পক্ষ থেকে অস্থায়ী কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কয়েক দিন আগে স্থানীয় ভূমি অফিসের নায়েবকেও অবহিত করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্যোগের প্রাথমিক পদক্ষেপ হিসেবে জায়গাটি নেট দিয়ে চিহ্নিত করা হলেও এ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদে বিএনপি নেতাকর্মীদের দায়ী করার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এসব সমিতি ও বাজার কমিটিতে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ রয়েছেন। তাই কয়েকজনের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে পুরো উদ্যোগকে বিএনপির কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করেন, প্রকাশিত সংবাদে প্রকৃত ঘটনা যাচাই না করে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।
স্থানীয়দের দাবি জায়গাটি জনস্বার্থে কীভাবে ব্যবহার করা যায়, তা প্রশাসনের সরেজমিন তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হোক। একই সঙ্গে জায়গাটির মালিকানা, লিজের বর্তমান অবস্থা এবং অস্থায়ী কার্যালয় নির্মাণের আইনগত বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।



















