সারাদেশ
শিল্প বাঁচলে আপনি বাঁচবেন, দেশ বাঁচবে—শিল্প রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পারভেজ আহমেদের
কালিয়াকৈরে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় সমস্যা সমাধানে আলোচনার ওপর গুরুত্বারোপ
- আপডেট সময় : ০১:০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২০৪১ বার পড়া হয়েছে
শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে—এমন প্রত্যয় ব্যক্ত করে শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পপ্রতিষ্ঠানের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ আহমেদ।
তিনি বলেন, “কারও পাতা ফাঁদে পা না দিয়ে নিজের কর্মস্থল সুরক্ষিত রাখুন। আসুন, আলোচনা করে সমস্যার সমাধান করি। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। আপনি ভালো থাকলে, ভালো থাকবে আপনার পরিবার।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি পোস্টার ও বক্তব্যে তিনি এসব আহ্বান জানান।
পারভেজ আহমেদ বলেন, শিল্পপ্রতিষ্ঠান দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে লাখ লাখ শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে শুধু মালিকপক্ষ নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শ্রমিক ও তাঁদের পরিবার।
তিনি আরও বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখা জরুরি। কোনো উসকানি বা ষড়যন্ত্রে পা দিয়ে নিজের কর্মস্থল ও জীবিকা ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।
শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিল্পকারখানার পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব। শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।
এ সময় তিনি শিল্পাঞ্চলের শ্রমিক ও তাঁদের পরিবারের নিরাপত্তা, কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




















