সারাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দুরন্ত এফসি মিসকল ফুটবল ক্লাব
- আপডেট সময় : ১০:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
অনুশীলন সংসদ ক্লাব কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলায় প্রভাতী ক্রীড়া সংঘ, আগারগাঁওকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুরন্ত এফসি মিসকল ফুটবল ক্লাব, কল্যাণপুর।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারের মাধ্যমে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়। এতে প্রভাতী ক্রীড়া সংঘ, আগারগাঁওকে হারিয়ে শিরোপা জিতে নেয় দুরন্ত এফসি মিসকল ফুটবল ক্লাব, কল্যাণপুর।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো. শফিকুল ইসলাম খান মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন সংসদের সভাপতি ও সাবেক সফল কমিশনার মো. শামীম পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নিতে এ ধরনের ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রতীক। তরুণদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি, ভবিষ্যতেও অনুশীলন সংসদ এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে মো. শামীম পারভেজ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং নতুন খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে অনুশীলন সংসদ কাজ করে যাবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুশীলন সংসদের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমেদ এবং অনুশীলন সংসদ ক্লাবের ক্রীড়া সম্পাদক মীর আব্দুল বারেক।
টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা মনে করেন, এ ধরনের ফুটবল প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























