সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান
- আপডেট সময় : ১১:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে পথচারী, ব্যবসায়ী, চায়ের দোকানে আড্ডারত মানুষ ও রিকশাচালকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় জামায়াত নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিক জীবন গঠনের বিষয়ে আলোচনা করেন।
দাওয়াতি অভিযানে অংশ নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের মাধ্যমে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে ইসলামী মূল্যবোধের চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
জামায়াত নেতৃবৃন্দ জানান, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে মানুষকে উদ্বুদ্ধ করাই এ মাসব্যাপী দাওয়াতি অভিযানের মূল লক্ষ্য।
তারা আরও জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হবে।


























