কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন হুমায়ুন কবির
- আপডেট সময় : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২০৫১ বার পড়া হয়েছে
অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সফরকালে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে দুবাই ও লন্ডন হয়ে অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশে যাত্রা করেন তিনি। রোববার (১ নভেম্বর) তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
আগামী ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন হুমায়ুন কবির। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমনওয়েলথ বৈঠকে অংশগ্রহণের সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এ সময় তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা ও প্রটোকল সুবিধা ভোগ করবেন।

























