কেন আসতারিফকে তুলে নিয়ে হত্যার চেষ্টা এর পেছনে কারা জড়িত
- আপডেট সময় : ০১:৪৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২০৬৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ আসতারিফ হোসেনকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় সিএনজিটির গতিরোধ করে দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায়। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ৪-৫ জন ব্যক্তি আসতারিফ হোসেনকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সাতইরশিয়া সড়ক এলাকায় সিএনজিটির গতিরোধ করেন। পরে দুইজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে কেন আসতারিফকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত—তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আসতারিফকে তুলে নেওয়ার অভিযোগের প্রকৃত কারণও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।






















