ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল আমীন
- আপডেট সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২০৭৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার সকালে মা-বাবার কবর জিয়ারত শেষে পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, ‘প্রত্যাশা তো অবশ্যই জয়। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশা আল্লাহ।’ ভোটগ্রহণ সবে শুরু হওয়ায় অন্যান্য কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই প্রার্থী বলেন, বাসা থেকে বের হয়ে তিনি কেবল প্রথম কেন্দ্রে ভোট দিয়েছেন। তাই এ মুহূর্তে পুরো নির্বাচনী এলাকার পরিবেশ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে প্রথম কেন্দ্রের পরিস্থিতি দেখে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে কোনো ধরনের শঙ্কা দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফয়সল আমীন বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের।
জয়ের বিষয়ে নিজের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’ এ ছাড়া আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের সূচি নির্ধারিত রয়েছে।
নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালন করছেন ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম তদারকিতে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক পুরো নির্বাচন পর্যবেক্ষণ করছেন।






















