মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- আপডেট সময় : ১২:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২০৬৮ বার পড়া হয়েছে
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা গোলচত্বরের মূল সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে দিতে মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হন। একপর্যায়ে তাঁরা গোলচত্বরের চারপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল প্রায় থমকে যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারী শ্রমিকেরা কোন কোন কারখানার, তা নিশ্চিত হওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, মিরপুর ট্রাফিক বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথ বেছে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে মিরপুর-১০ এলাকায় স্বাভাবিক যান চলাচল পুনরায় চালু করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


























