অতিরিক্ত সচিব পদমর্যাদায় ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা শিবা শানু
- আপডেট সময় : ১২:৪৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২০৫২ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা শিবা শানু এবার যুক্ত হলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
শিবা শানুর প্রকৃত নাম চৌধুরী মাজহার আলী। চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি অর্জন করেন। দীর্ঘদিন ধরে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত থাকলেও রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সময় দিচ্ছেন তিনি।
বর্তমানে শিবা শানু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিতে হলে প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে তার কর্মসম্পর্কের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এ বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।

























