মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর
- আপডেট সময় : ১০:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২০৬৩ বার পড়া হয়েছে
মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেলের মালিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।
এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। এ জন্য মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে এ কাজের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর।
গত ১৬ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধান উল্লেখ করে বলা হয়, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহার করতে হবে। পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
বিআরটিএ নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে অনুভূমিকভাবে লিখতে হবে। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
নতুন সময়সীমা অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত নকশা ও মাপ অনুসারে নম্বরপ্লেট সংযোজন করতে হবে।



























