ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে তার প্রভাব থাকা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ২০৫৮ বার পড়া হয়েছে
কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে কর্মজীবনে এর কোনো প্রভাব থাকা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সব কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করা তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও জনস্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, চাকরিজীবনে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কাজ অন্যান্য ক্যাডারের তুলনায় ভিন্ন এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধির প্রয়োজন। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

























