নেতানিয়াহু সরকারকে সরাতে আরব দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান
- আপডেট সময় : ১২:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। নির্বাচনের আংশিক ফলে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে—এমন পূর্বাভাসের পর তিনি এ আহ্বান জানান।
বুধবার (২৮ অক্টোবর) ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া সাক্ষাৎকারে জাবারিন বলেন, নেতানিয়াহু সরকারের বিকল্প গড়ে তুলতে এবং দেশের জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনতে আগ্রহী দলগুলোর সঙ্গে তাঁরা আলোচনা করতে প্রস্তুত। তিনি ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন।
ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির আংশিক ফল অনুযায়ী, ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্স গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি এবং নেতানিয়াহুবিরোধী জোট ৪৭টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ১৩টি এবং রা’আম ছয়টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই হিসাব চূড়ান্ত হলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে নেতানিয়াহুবিরোধী জোটের সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে, ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহুবিরোধী জোট আরব দলগুলোর সমর্থন নিয়ে নেসেটের স্পিকার আমির ওহানাকে সরানোর উদ্যোগ নিতে পারে।
























